গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’

১ নভেম্বর, ২০২০ ২৩:৩৭  
গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার।পাশাপাশি গুজবে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য অধিদপ্তর। ধর্ম অবমাননার অভিযোগ তুলে লালমনিরহাটের বুড়িমারীতে একজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে সরকারের এই হুঁশিয়ারি এল। রোববার রাতে সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়, “কোনো ধরনের কোনো গুজব বা উসকানিমূলক বক্তব্যে কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।" “গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো তথ্য পেলে তা অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।”